ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেলায় মাহমুদ মিটুলের অনুবাদে বব ডিলান

মেলায় মাহমুদ মিটুলের অনুবাদে বব ডিলান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ০৬:১৭

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে সাহিত্যে নোবেলজয়ী বব ডিলানের গান, কবিতা, নোবেল ভাষণ ও সাক্ষাৎকার নিয়ে অনুবাদের বই 'গোল্ডেন কর্ডস'। তিউড়ি প্রকাশন থেকে প্রকাশিত বইটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন কবি মাহমুদ মিটুল। বইটির প্রচ্ছদ করেছেন কাব্য করিম। 

বইটি অনুবাদ প্রসঙ্গে মাহমুদ মিটুল বলেন, ২০১৬ সালে সুইডিশ একাডেমি বব ডিলানকে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত করার আগ থেকেই তার গানের প্রতি আমার আগ্রহ ছিলো। আগ্রহ না বলে আবেগ বলাই শ্রেয়। কারণ, তিনি একাত্তরে আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ'র একজন অন্যতম শিল্পী। বইটির জন্য বব ডিলানের অ্যালবামগুলো থেকে নিজের পছন্দ অনুযায়ী গান বাছাই করেছি। ডিলানের গাওয়া বিখ্যাত গানগুলো ছাড়াও এ গ্রন্থে তার সংক্ষিপ্ত পরিচিতি, নোবেল বক্তৃতা ও একটি সাক্ষাৎকারের অনুবাদ অন্তর্ভুক্ত করেছি। কাজটা কঠিন ছিলো দুই কারণে- প্রথমত, ডিলান লোকধারার কবি; ফলে আমেরিকার লোজক বিষয়ে আমাকে জানতে হয়েছে। দ্বিতীয়ত, তিনি ছন্দে ছন্দে লিখেছেন গান; ইংরেজি ছন্দের সঙ্গে তাল রেখে বাংলা ছন্দে আনার ব্যাপারে আমাকে ভূগতে হয়েছে। তবু চেষ্টা করেছি যতোটা সম্ভব বাংলা ভাষাভাষী পাঠকের হৃদয়কে ছোঁয়ার। প্রকাশক গ্রন্থ সরবরাহ করে সহযোগিতা করেছেন; বাকি উপাদান গুগল সার্চের মাধ্যমে পেয়েছি। সার্বিক নির্দেশনা দিয়ে কৃতজ্ঞ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শ্রদ্ধেয় শিক্ষক মুহম্মদ মুহসিন। এর বাইরে বন্ধুদের ব্যাপক প্রেরণা-সহযোগিতা পেয়েছি, পাচ্ছি।

বইটির দাম রাখা হয়েছে ২২৫ টাকা। মেলায় তিউড়ি প্রকাশনের স্টল থেকে ২৫% ছাড়ে বইটি কেনা যাবে। 

মাহমুদ মিটুলের প্রকাশিত অন্যান্য বই হলো- মুমূর্ষা ও গোঙানি (কবিতা, ২০১২), বিস্ময় মুছে দিও না (কবিতা, ২০১৩)। 

আরও পড়ুন

×